বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস বলেছেন, ২০১৩ সালেই ফিলিস্তিন স্বাধীন হবে। ফাতাহ’র প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে এক ভাষণে তিনি আরো বলেছেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধির পক্ষে যে ভোট পড়েছে, তা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সার্টিফিকেট।
তিনি বলেন, আমাদের কাছে এখন একটি জন্ম সার্টিফিকেট রয়েছে এবং পূর্ণ স্বাধীনতা লাভের আগ পর্যন্ত আমাদেরকে এ পথচলা অব্যাহত রাখতে হবে। ২০১৩ সালই হবে ফিলিস্তিনের স্বাধীনতার বছর।
গত মাসে আমেরিকা ও ইসরাইলের প্রবল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন। জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল ভোটের ব্যবধানে এ মর্যাদা লাভ করে ফিলিস্তিন।
এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ১৩৮টি এবং বিপক্ষে মাত্র ৯টি ভোট পড়ে। এ ছাড়া, ৪১টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদের ভোটাভুটিতে ফিলিস্তিনি জনগণ তাদের বহু আকাঙ্ক্ষিত একটি দাবির স্বীকৃতি পেয়েছে। এর মধ্যদিয়ে চলতি ২০১৩ সালে ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদের দাবি তুলতে পারবে।#রেডিও তেহরান